অবক্ষোজাত এবং রক্তযোগ- পাঠে হাওয়াই মিঠাইয়ের স্বাদ- মুশফিকা রাহমান- Book Review
গতকাল রাতে দুটো বই পড়েছিলাম সপ্তর্ষি প্রকাশন থেকে প্রকাশিত লেখক মাহবুব মোর্শেদ আনোয়ার রচিত “রক্ত যোগ” এবং “অবোক্ষজাত”।
এই দুইটি গল্পগ্রন্থ আমার কাছে অনেকটা হাওয়াই মিঠাইয়ের মতোই মনে হয়েছে।
হাওয়াই মিঠাই যেমন মুখে পুরলেই মুহূর্তেই ভ্যানিশ হয়ে যায়, কিন্তু তার মিষ্টি স্বাদ অনেকক্ষণ মুখে থেকে যায়— ঠিক তেমনি, এই বই দুইটিও কিছুক্ষণ হাতে নিয়ে পড়তে শুরু করতেই কয়েক মুহূর্তেই ভ্যানিশ হয়ে গেল, কিন্তু এর মিষ্টি অনুভূতি এখনো মনে থেকে গেছে।
এই বই দুটোর প্রচ্ছদ যেমন মিষ্টি দেখতে, তেমনি ভেতরের গল্পগুলোও ছিল আরও মিষ্টি, মায়াময়, প্রাণবন্ত।
প্রথমে আমি “রক্ত যোগ” গল্পগ্রন্থে এসে পরিচিত হয়েছি একঝাঁক মিষ্টি চরিত্রের সঙ্গে— তিরাস নামের এক চোর, হিরো নামের এক হাইজ্যাকার, ওয়াবাদুল নামের এক রিকশাওয়ালা মামা, পিন্টু নামের এক চড়ুই পাখি, জুনায়রা নামের এক মিষ্টি বাচ্চাসহ আরও এমন অনেকের সঙ্গেই। তাদের মানবিকতা, সহানুভূতি, মমত্ববোধ আর বিনয় আমাকে ভীষণ মুগ্ধ করেছে।

নিশ্চয়ই চোর, হাইজ্যাকার শুনলেই আমাদের মাথায় প্রথমেই ভেসে ওঠে এক নির্দয়, নির্মম চিত্র, হয়তো এটাই স্বাভাবিক। কিন্তু তাদের মধ্যেও যে খুব উদারতা থাকতে পারে, খুব বিনয় থাকতে পারে; সেটাও অস্বাভাবিক কিছু নয়, থাকতেই পারে। তা হয়তো আমরা কখনো ভেবে দেখি না।
আমারা সমাজে যাদেরকে বোঝা মনে করি, সেই মানুষদের সম্পর্কে খুব কাছ থেকে আমরা তেমন একটা জানি না। লেখক এখানে তাঁর অভিজ্ঞতা, তাঁর বাস্তব-কল্পনার মিশ্রণে সেই মানুষদের মানবিকতার গল্পগুলোই খুব কাছ থেকে তুলে ধরেছেন। যেই গল্পগুলো পাঠকদের ধ্যান-ধারণায় নতুন কিছু দৃষ্টিভঙ্গি যুক্ত করে দিবে নিশ্চিত।
এরপর “অবোক্ষ জাত” গল্পগ্রন্থে এসে পরিচিত হয়েছি হৃদয়স্পর্শী কিছু চরিত্রের সঙ্গে— ছবি নামের এক পথশিশু, রোকেয়া নামের এক নীরিহ গার্মেন্টস কর্মী, রহিমা নামের এক ভিখারিনীসহ এমন আরও অনেক প্রান্তিক মানুষের সঙ্গে।
আমাদের সমাজে বিভিন্ন স্তরের অনেক মানুষ আছেন, যাদের সম্পর্কে আমাদের হয়তো কোনো ধারণাই নেই। সমাজের সেই প্রান্তিক মানুষের জীবনের গল্পগুলোই এখানে উঠে এসেছে এক অনন্য মানবিকতায়। যারা সমাজের অন্ধকার কোণায় পড়ে থাকে, এই গল্পগুলো যেন তাদের হৃদয়ের আলোটুকু পাঠকের সামনে উন্মোচন করে তুলেছেন লেখক। লেখকের সাহজসাবলীল বর্ণনাভঙ্গি, রসবোধ, মিষ্টান্নতা এবং চমক— সবকিছু মিলিয়ে খুব অনবদ্য ছিল এই বই দুইটা।
গল্পগুলো আকারে ছোট হলেও, প্রভাবে অনেক বড়। প্রতিটি গল্পই আলাদা করে মনে জায়গা করে নিয়েছে গভীর অনুভূতির সঙ্গে।
আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এই বই দুটো পড়তে। পড়ার সময়টা যেন জোছনাভেজা কোনো রাতে পাহাড় কিংবা সমুদ্রপাড়ে হেঁটে বেড়ানোর মতোই শান্তি শান্তি লেগেছিল।
লেখকের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং সামনে তাঁর আরও অনেক বইয়ের অপেক্ষায় থাকলাম।
লেখা- ১৩ জুলাই ২0২৫, সাভার, ঢাকা।
বই: অবক্ষোজাত
লেখক:মাহবুব মোর্শেদ আনোয়ার
প্রচ্ছদ: চারু পিন্টু
প্রকাশনায়: সপ্তর্ষি প্রকাশন
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০২৫
ISBN : 978-984-99582-5-3
মূল্য: ২০০ টাকা
বই: রক্তযোগ
লেখক: মাহবুব মোর্শেদ আনোয়ার
প্রচ্ছদ: চারু পিন্টু
প্রকাশনায়: সপ্তর্ষি প্রকাশন
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০২৫
ISBN : 978-984-99582-4-6
মূল্য: ২০০ টাকা
আরও পড়ুন- জীবনানন্দ দাশের গল্প

